ঈদযাত্রায় কোন অনিয়ম বরদাশত নয়: আইজিপি

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ১৩:৩৩ (শুক্রবার)
ঈদযাত্রায় কোন অনিয়ম বরদাশত নয়:  আইজিপি

ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, কোনো ধরনের অন্যায়, হয়রানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে আপস করা হবে না।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সড়কে যানজট, অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগও চলছে।

তিনি বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকাগুলোতে সারাবছরই যানজট দেখা যায়। এসব এলাকায় পুলিশের উপস্থিতি বাড়িয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে।

চালক ও সহকারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, অনেক সময় সড়কের মাঝখানে গাড়ি রেখে চলে যাওয়ার মতো আচরণই বড় যানজটের কারণ হয়। সামান্য সচেতনতা থাকলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, এটি কোনো হুমকির কারণে নয়; বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে। টার্মিনাল এলাকায় ছিনতাইকারী, মাদকসেবীসহ নানা অপরাধপ্রবণ ব্যক্তির আনাগোনা থাকে, তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাজধানীর ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার বিষয়ে আইজিপি বলেন, শহরের অভ্যন্তরে এ ধরনের কাউন্টার বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত ভাড়া আদায় বা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ না করার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, আইন জানা ও প্রয়োগে সচেতন হওয়া নাগরিকের দায়িত্ব। অভিযোগ না করলে সমস্যার সমাধানও কঠিন হয়ে পড়ে।

পরিদর্শনকালে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.