আমিরাত, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
মধ্যপ্রাচ্যের তিন দেশ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার একাধিক দফায় এসব হামলা পরিচালিত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক সূত্র।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, আবুধাবির আল-ধাফরা, কুয়েতের আল-আদিরি এবং বাহরাইনের শেখ ঈসা সামরিক ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।
ইরানের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমান জ্বালানির মজুত ট্যাঙ্ক।
এদিকে খারগ দ্বীপে মার্কিন হামলার পর সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন স্থাপনাগুলোকেও বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে আইআরজিসি। এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সার্বভৌমত্ব রক্ষার অংশ হিসেবে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো হবে।
আইআরজিসি আমিরাতের বন্দর, ডক ও মার্কিন স্থাপনার আশপাশের এলাকা থেকে দূরে থাকতে সাধারণ জনগণকে সতর্ক করেছে, যাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানো যায়।
তবে হামলার ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বৃহত্তর সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়াচ্ছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.