মধ্যপ্রাচ্যের ৬ দেশের ভিসার মেয়াদ নিয়ে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে ছুটিতে দেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য সংশ্লিষ্ট দেশের নিয়োগকর্তা বা স্পন্সরের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী সময়মতো কর্মস্থলে ফিরতে পারছেন না এবং তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা শেষ হওয়ার পথে। বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েকটি দেশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগির শেষ হতে যাচ্ছে সেগুলোর মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রণালয় প্রবাসীদের আতঙ্কিত না হয়ে নিজ নিজ নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্যের জন্য দূতাবাস বা মিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
সরকার জানিয়েছে, প্রবাসীদের কর্মসংস্থান ও আইনি অবস্থান রক্ষায় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.