মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ ও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে যুদ্ধের তীব্রতা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও মেরিন সেনা পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ডের সুপারিশে একটি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ এবং এর সঙ্গে যুক্ত মেরিন এক্সপেডিশনারি ইউনিট মোতায়েনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। সাধারণত এ ধরনের ইউনিটে একাধিক যুদ্ধজাহাজ এবং প্রায় পাঁচ হাজার মেরিন সেনা থাকে।
জাপানে অবস্থানরত ইউএসএস ত্রিপোলি নামের যুদ্ধজাহাজ এবং সংশ্লিষ্ট মেরিন সেনাদের মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে বলেও জানা গেছে। এর আগে থেকেই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিতে হামলা বা নিরাপত্তা ঝুঁকি বৈশ্বিক জ্বালানি সরবরাহকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। তাই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সেখানে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।
তবে ভবিষ্যৎ সামরিক পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নেই এবং বাণিজ্যিক জাহাজ চলাচল সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
আইটি ল্যাব সলিউশন্স লি.