স্পিকার এখন পুরো সংসদের অভিভাবক, কোনো দলের নয়: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১৯:০১ (বৃহস্পতিবার)
স্পিকার এখন পুরো সংসদের অভিভাবক, কোনো দলের নয়: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকার কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করেন না, বরং পুরো সংসদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে এবং জনগণের স্বার্থে সংসদকে কার্যকর ও অর্থবহ করতে হবে।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে স্পিকার আর কোনো দলের নন; তিনি পুরো সংসদের অভিভাবক। সংসদের কার্যক্রম পরিচালনায় তার নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছিল এবং সংসদ জনগণের প্রতিনিধিত্ব হারিয়েছিল।

তারেক রহমান দাবি করেন, অতীতে সংসদের অনেক সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না। তবে বর্তমান সংসদ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত, যা সত্যিকারের জনগণের সংসদ।

তিনি বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা না করে যুক্তিনির্ভর ও গঠনমূলক বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করতে হবে। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

বক্তব্যের শেষদিকে প্রধানমন্ত্রী স্পিকারকে নতুন দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা জানান এবং সংসদের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে দেওয়া আরেক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে। তিনি স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.