দণ্ডপ্রাপ্ত শীর্ষ যুদ্ধাপরাধীদের জন্য সংসদে শোকপ্রস্তাব, তীব্র সমালোচনা ও ক্ষোভ

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১৬:০৮ (শুক্রবার)
দণ্ডপ্রাপ্ত শীর্ষ যুদ্ধাপরাধীদের জন্য সংসদে শোকপ্রস্তাব, তীব্র সমালোচনা ও ক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও প্রমাণিত শীর্ষ সাতজন যুদ্ধাপরাধীর নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত হওয়ায় দেশজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে জাতির জন্য অপমানজনক এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করছেন।

বৃহস্পতিবার স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদে রেওয়াজ অনুযায়ী শোকপ্রস্তাব উপস্থাপন করা হয়। সেখানে জামায়াতে ইসলামের ছয় নেতা এবং বিএনপির এক নেতার নাম যুক্ত করা হয়, যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে একাত্তরের গণহত্যা, হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হন এবং শীর্ষ রাজাকার হিসেবে পরিচিত ছিলেন।

শোকপ্রস্তাবে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয় তারা হলেন মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী, দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী। ট্রাইব্যুনালের রায়ে এদের অধিকাংশের ফাঁসি কার্যকর হয় এবং একজন আমৃত্যু কারাদণ্ড ভোগের সময় কারাগারে মারা যান।

শোকপ্রস্তাবে এসব নাম যুক্ত করার প্রস্তাব ওঠার পর স্পিকার তা অনুমোদন করেন এবং সংসদে আলোচনা শেষে প্রস্তাবটি গৃহীত হয়।

এ ঘটনায় বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকদের মতে, প্রমাণিত যুদ্ধাপরাধী ও শীর্ষ রাজাকারদের জন্য জাতীয় সংসদে শোক প্রকাশ করা মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি অবমাননার শামিল এবং জাতির জন্য গভীর লজ্জার বিষয়।

বিশ্লেষকদের দাবি, বিএনপি ও সংশ্লিষ্ট সংসদ সদস্যদের এই অবস্থান দেশের স্বাধীনতার ইতিহাস, বিচারিক প্রক্রিয়া এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে। তাদের মতে, এ ধরনের সিদ্ধান্ত জাতিকে বিভক্ত করে এবং শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করে।

তবে একই শোকপ্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দেশি বিদেশি আরও অনেক বিশিষ্ট ব্যক্তির নামও অন্তর্ভুক্ত করা হয়।

শোকপ্রস্তাব গৃহীত হওয়ার আগে প্রয়াতদের স্মরণে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.