ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল
বাংলাদেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আনা হচ্ছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এই ডিজেল বাংলাদেশে পাঠানো শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ জানান, ইতোমধ্যে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। পাইপলাইনের মাধ্যমে পাঠানো এই জ্বালানি মঙ্গলবারের মধ্যে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
তিনি বলেন, দেশে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ডিজেল আসছে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে, যা দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত বিস্তৃত। প্রায় ১৩১ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের একটি অংশ ভারতে এবং বাকি অংশ বাংলাদেশে অবস্থিত। এই প্রকল্পটি আগের আওয়ামী লীগ সরকারের সময় দুই দেশের সহযোগিতায় বাস্তবায়ন করা হয়, যার লক্ষ্য ছিল দ্রুত ও কম খরচে জ্বালানি আমদানি নিশ্চিত করা।
এর আগে রোববার ঢাকায় বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা একই পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেন।
সংশ্লিষ্টরা বলছেন, এই পাইপলাইন চালু হওয়ার ফলে সমুদ্রপথ বা সড়কপথে জ্বালানি পরিবহনের ওপর নির্ভরতা কমেছে। একই সঙ্গে দ্রুত সময়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.