পাকিস্তানে স্কুল ছুটি, সাপ্তাহিক ছুটির দিন বৃদ্ধি

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ০৫:২৯ (শুক্রবার)
পাকিস্তানে স্কুল ছুটি, সাপ্তাহিক ছুটির দিন বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা দেখা দেওয়ায় জ্বালানি সাশ্রয়ে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। এর অংশ হিসেবে আগামী দুই সপ্তাহ দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এসব সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, জ্বালানি ব্যবহার কমাতে দেশের সব প্রাথমিক বিদ্যালয় দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান সাময়িকভাবে অনলাইনে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অন্তত অর্ধেক কর্মকর্তা কর্মচারীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি সাশ্রয়ের জন্য অফিসগুলোতে সাপ্তাহিক ছুটিও একদিন বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের অর্থনীতি, কৃষি ও পরিবহন ব্যবস্থা অনেকাংশেই মধ্যপ্রাচ্যের তেল ও জ্বালানির ওপর নির্ভরশীল। তাই সম্ভাব্য সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যবহৃত গাড়িতেও জ্বালানি সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি দপ্তরে নতুন আসবাব, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ অন্যান্য পণ্য কেনা স্থগিত রাখা হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীসহ সব সরকারি কর্মকর্তার বিদেশ সফর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে গত চার বছরের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার এসব সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.