ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষ বাহিনী। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রাহুল নামে পরিচিত ফয়সাল করিম মাসুদ বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান সন্দেহভাজন। তাকে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করার সময় আটক করা হয়।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মামলার বিষয়েও তথ্য যাচাই করা হচ্ছে।
ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ পলাতক ছিলেন বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, ঘটনার পর তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান।
বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.