লন্ডনে বাংলাদেশের হাইকমিশনারকে প্রত্যাহারের ঘোষণা পররাষ্ট্র উপদেষ্টার
লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শনিবার রাতে যুক্তরাজ্যে পৌঁছে স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে লন্ডনে গিয়ে সাংবাদিকদের সামনে হুমায়ুন কবির বলেন, লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে দীর্ঘদিন ধরে নানা বিতর্ক তৈরি হয়েছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। এ কারণে হাইকমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “একটা সুখবর আছে। লন্ডনের হাইকমিশনার এতদিন বিভিন্ন আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে কমিউনিটিকে বিভক্ত করে রেখেছেন। হাইকমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। তাই তাকে প্রত্যাহার করা হয়েছে।” পরে তিনি ইংরেজিতে বলেন, হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক অফিস আদেশ প্রকাশ করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারি ওয়েবসাইটেও প্রত্যাহারের কোনো প্রজ্ঞাপন প্রকাশিত হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কূটনৈতিক ক্যারিয়ারে আবিদা ইসলাম দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.