ইরান পরিস্থিতি নিয়ে পেজেশকিয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন পুতিন

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬ ১৪:২৩ (শুক্রবার)
ইরান পরিস্থিতি নিয়ে পেজেশকিয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন পুতিন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও ইরান পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ক্রেমলিনের তথ্য অনুযায়ী, শনিবার ভোররাতে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে টেলিফোনে কথা হয়। ফোনালাপে ইরানের বর্তমান পরিস্থিতি, চলমান সামরিক উত্তেজনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা একমত হয়েছেন যে বিভিন্ন কূটনৈতিক ও যোগাযোগ চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতেও দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় থাকবে। একই সঙ্গে সাম্প্রতিক সংঘাতে নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। সেই আলোচনা ভেঙে যাওয়ার একদিন পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। একই সময় ইসরায়েলও ইরানে পৃথক সামরিক অভিযান শুরু করে।

পরিস্থিতির জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাতে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সংঘাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। তবে এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি।

বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠ যোগাযোগ এই সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এবং এতে আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণ নতুন করে বদলে যেতে পারে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.