লন্ডনে ভুল প্যাডেল চেপে শিক্ষার্থী নিহতের ঘটনায় চালকের ৮ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬ ০৬:৪৬ (শুক্রবার)
লন্ডনে ভুল প্যাডেল চেপে শিক্ষার্থী নিহতের ঘটনায় চালকের ৮ বছরের কারাদণ্ড

লন্ডনের ব্যস্ত স্ট্র্যান্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত চালককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ভুলবশত ব্রেকের বদলে অ্যাক্সেলেটরে চাপ দেওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে বলে আদালতে স্বীকার করেন অভিযুক্ত।

নিহত শিক্ষার্থীর নাম আলিয়া মাহোমেদ (২০)। তিনি কিংস কলেজ লন্ডনে পদার্থবিদ্যা ও দর্শন বিষয়ে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন। ২০২৫ সালের ১৮ মার্চ দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অভিযুক্ত ক্রিস্টোফার জ্যাকসন (২৭), যিনি সাউথ্যাম্পটনের বাসিন্দা, সম্প্রতি লন্ডনের ওল্ড বেইলি আদালতে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে মৃত্যুর কারণ ঘটানো এবং দুইজনকে গুরুতর আহত করার অভিযোগ স্বীকার করেন। এরপর আদালত তাকে আট বছরের কারাদণ্ড দেন।

আদালতে শুনানিতে জানা যায়, ঘটনার দিন জ্যাকসনকে তার কর্মস্থল থেকে একটি বৈদ্যুতিক ভ্যান সংগ্রহ করতে বলা হয়েছিল। এটি ছিল তার প্রথম বৈদ্যুতিক গাড়ি চালানোর অভিজ্ঞতা। গাড়ি চালু করার পর তিনি ভুলবশত ব্রেকের বদলে অ্যাক্সেলেটরে চাপ দেন। এতে ভ্যানটি দ্রুতগতিতে সামনে এগিয়ে গিয়ে একটি লোহার গেট ভেঙে ফেলে এবং দুই পথচারীকে গুরুতর আহত করে।

এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি ফুটপাতের একটি ফুলের বাগানের ওপর উঠে যায় এবং বেঞ্চে বসে থাকা আলিয়া মাহোমেদকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আদালতে আলিয়ার মা সামিরা শাফি বলেন, মেয়েকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি বলেন, “আমরা শুধু মা-মেয়ে ছিলাম না, আমরা ছিলাম সবচেয়ে কাছের বন্ধু। তার ভবিষ্যৎ উদযাপন করার বদলে আজ আমাকে তার কবরের জন্য শব্দ বেছে নিতে হচ্ছে।”

আলিয়ার ভাই জাইন মাহোমেদ বলেন, তার বোন ছিলেন অত্যন্ত মেধাবী এবং সবসময় হাসিখুশি একজন মানুষ। তিনি বলেন, “সে শুধু আমার বোন ছিল না, আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল।”

বিচারক জানান, দুর্ঘটনার পরপরই অভিযুক্ত গভীর অনুশোচনা প্রকাশ করেন এবং ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না। তবে আদালত মনে করেন, চালকের আচরণ একজন দায়িত্বশীল চালকের মানদণ্ডের অনেক নিচে ছিল।

মামলার রাষ্ট্রপক্ষ জানায়, এটি একটি ভয়াবহ দুর্ঘটনা, যেখানে এক তরুণীর প্রাণহানি হয়েছে এবং আরও দুইজনের জীবন স্থায়ীভাবে বদলে গেছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, অভিযুক্ত জ্যাকসনকে তার সাজা ভোগের অন্তত দুই-তৃতীয়াংশ সময় কারাগারে কাটাতে হবে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.