বরিশালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বরিশালের গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা মো. ইলিয়াস হোসেন (৫৫) এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাসিন্দা ও মাইক্রোবাস চালক মো. রিপন মাঝি (৪৫)।
দুর্ঘটনায় আহত হয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার মনিরুজ্জামান মনি (৩৮), ঢাকার মুরাদপুর এলাকার নুরুজ্জামান (৪৬), বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার শফিউল বাশার (৪০)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশালগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ছয়জন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাস চালকসহ দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ জানিয়েছেন, দুর্ঘটনার পর বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.