ভূমি অফিসে ৩০ মিনিট অপেক্ষা করেও কোন কর্মকর্তার দেখা পেলেন না প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তাশূন্য কার্যালয়ের চিত্র দেখলেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। নির্ধারিত কর্মসময়ের মধ্যেই কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে উপস্থিত না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বুধবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে পৌঁছান। সরেজমিনে দেখা যায়, দায়িত্বে থাকা কর্মকর্তাদের কেউই তখন কর্মস্থলে উপস্থিত নন।
এ সময় প্রতিমন্ত্রী প্রায় ৩০ মিনিট অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। নির্ধারিত সময় পার হলেও গুরুত্বপূর্ণ কোনো কর্মকর্তার উপস্থিতি না থাকায় তিনি ঘটনাটিকে অত্যন্ত অনভিপ্রেত বলে উল্লেখ করেন।
গণমাধ্যমকর্মীদের সামনে প্রতিমন্ত্রী বলেন, যারা রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা করবেন এবং জনগণের সেবা ব্যাহত করবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মাঠপর্যায়ে এ ধরনের উদাসীনতা সরকারের জনসেবামূলক কার্যক্রমকে প্রশ্নের মুখে ফেলে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি দপ্তরগুলোকে সময়ানুবর্তী ও জবাবদিহিমূলক হতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না।
আইটি ল্যাব সলিউশন্স লি.