ইরানের পাল্টা হামলায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৬
ইরানের পাল্টা হামলায় নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। নিখোঁজ থাকা দুই সেনার মরদেহ উদ্ধারের পর এই তথ্য নিশ্চিত করেছে পেন্টাগন।
মঙ্গলবার ভোরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সোমবার বিকেল পর্যন্ত ছয়জন সেনার মৃত্যুর তথ্য পাওয়া গেছে। হামলার সময় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে দুইজন নিখোঁজ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক অভিযান এখনো চলমান রয়েছে। নিহত সেনাদের পরিচয় তাদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানো না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না।
পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই উত্তেজনা তীব্র হয়। এরপরই ইরান মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা আঘাত হানে।
ওয়াশিংটন জানিয়েছে, অভিযানের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সামরিক তৎপরতা অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে, প্রাণহানির এই সংখ্যা সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এবং পরিস্থিতি দ্রুত শান্ত না হলে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.