ইরানের হামলায় ঝুঁকিতে ব্রিটিশ সেনা ও বেসামরিক নাগরিকরা : প্রতিরক্ষামন্ত্রী হিলি

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬ ১৮:২১ (সোমবার)
ইরানের হামলায় ঝুঁকিতে ব্রিটিশ সেনা ও বেসামরিক নাগরিকরা : প্রতিরক্ষামন্ত্রী হিলি

মধ্যপ্রাচ্যে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্রিটিশ সেনা ও বেসামরিক নাগরিকরা ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরানের নির্বিচার হামলা” থেকে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ও নাগরিকদের সুরক্ষা দেওয়া এখন সরকারের প্রধান অগ্রাধিকার।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বাহরাইনে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় সেখানে প্রায় ৩০০ ব্রিটিশ সেনা অবস্থান করছিলেন। তাদের মধ্যে কয়েকজন হামলার স্থান থেকে কয়েকশ গজ দূরে ছিলেন। এছাড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাইপ্রাসের দিকে নিক্ষেপ করা হয়, যদিও সেগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়নি বলে ধারণা করছে যুক্তরাজ্য।

জন হিলি বলেন, এই ঘটনাগুলো প্রমাণ করে যে ইরানের বর্তমান শাসনব্যবস্থা ক্রমেই আরও বিস্তৃত ও নিয়ন্ত্রণহীনভাবে হামলা চালাচ্ছে, যার ফলে ব্রিটিশ স্বার্থ হুমকির মুখে পড়ছে। তিনি জানান, মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের সামরিক স্থাপনাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অংশ নেয়নি। তবে তিনি ছয়বার প্রশ্নের মুখেও স্পষ্ট করে বলেননি, লন্ডন এই হামলাকে সমর্থন করে কি না বা এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না। তিনি শুধু বলেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, এ লক্ষ্য যুক্তরাজ্য ও তার মিত্রদের অভিন্ন অবস্থান।

এদিকে বিরোধী কনজারভেটিভ পার্টির ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডেম প্রীতি প্যাটেল বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নৈতিক ভিত্তি “সম্পূর্ণ সঠিক”। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা নিতে পারতেন।

অন্যদিকে গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কি এই হামলাকে “অবৈধ ও উসকানিমূলক” আখ্যা দিয়ে যুক্তরাজ্যকে নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেন। রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানান।

বিবিসি জানিয়েছে, শনিবার ইরান ইসরায়েল, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরাকে অবস্থানরত একটি ব্রিটিশ ইউনিট একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে বলেও জানা গেছে।

বর্তমানে যুক্তরাজ্যে সন্ত্রাসী হুমকির মাত্রা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

সূত্র : বিবিসি।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.