খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন : পুতিন

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬ ১৮:১৪ (সোমবার)
খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন : পুতিন

মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার দেওয়া এক বিবৃতিতে তিনি এই হত্যাকাণ্ডকে “নৃশংস” আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।

রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো শোকবার্তায় পুতিন বলেন, খামেনির মৃত্যু শুধু ইরানের জন্য নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও গভীর উদ্বেগের বিষয়।

পুতিন তার বিবৃতিতে উল্লেখ করেন, এ ধরনের হামলা মানবিক নৈতিকতার মৌলিক আদর্শের পরিপন্থী এবং আন্তর্জাতিক আইনকে সরাসরি অমান্য করে। তিনি মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানান।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির হত্যাকাণ্ডকে “মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা” হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতাকে এভাবে হত্যা করা মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের সামিল।

পেজেশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলার প্রতিশোধ নেওয়া ইসলামি প্রজাতন্ত্রের অধিকার ও কর্তব্য। তিনি দাবি করেন, এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের জবাব দিতে ইরান প্রস্তুত।

খামেনির মৃত্যু ঘিরে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা বাড়ছে এবং সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র : এএফপি, তাস নিউজ এজেন্সি

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.