ইরানে স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৫১,

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:২৫ (সোমবার)
ইরানে স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৫১,

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৬০ জন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রথম দিকে নিহতের সংখ্যা ৪০ উল্লেখ করলেও পরবর্তীতে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানায়।

স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ রাদমের বলেন, সকালে সরাসরি বিদ্যালয়টিতে হামলা চালানো হয়। হামলার সময় সেখানে প্রায় ১৭০ শিক্ষার্থী উপস্থিত ছিল। উদ্ধার অভিযান এখনো চলছে এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত রয়েছে।

হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। তবে এ বিষয়ে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

এদিকে আঞ্চলিক পরিস্থিতিও ক্রমেই জটিল হচ্ছে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো কোথা থেকে ছোড়া হয়েছে তা স্পষ্ট নয়।

সৌদি আরবের রাজধানী রিয়াদ এ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাতেও হামলার দাবি উঠেছে।

বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। আন্তর্জাতিক মহল অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.