ফিলিস্তিন ভূখণ্ড সংযুক্তির ইসরায়েলি আইনের কড়া নিন্দা বাংলাদেশের

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৫৯ (শুক্রবার)
ফিলিস্তিন ভূখণ্ড সংযুক্তির ইসরায়েলি আইনের কড়া নিন্দা বাংলাদেশের

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তির লক্ষ্য নিয়ে ইসরায়েলের সাম্প্রতিক ভূমি–সংক্রান্ত আইনকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

সৌদি আরবের জেদ্দায় ও্আইসি এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত নির্বাহী কমিটির বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এ অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ভূমি ক্রয় ও নিবন্ধন সহজ করার সাম্প্রতিক পদক্ষেপ মূলত ভূখণ্ডের আইনগত ও জনমিতিক চরিত্র পরিবর্তনের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এর আওতায় আল-কুদস আল-শরিফও অন্তর্ভুক্ত।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের আইন ফিলিস্তিনি ভূমির মালিকদের ভীতি ও হয়রানির ঝুঁকিতে ফেলছে। পাশাপাশি এটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতির পরিপন্থী।

দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে জোর

বাংলাদেশের পক্ষ থেকে আবারও বলা হয়েছে, ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র কার্যকর সমাধান।

পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, একতরফা আইন ও ভূখণ্ড সংযুক্তির প্রচেষ্টা শান্তি প্রক্রিয়াকে আরও দুর্বল করবে এবং অঞ্চলে উত্তেজনা বাড়াবে।

গাজায় যুদ্ধবিরতির আহ্বান

বাংলাদেশ একইসঙ্গে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। আন্তর্জাতিক মানবিক সহায়তাকর্মীদের জন্য অবাধ ও শর্তহীন প্রবেশাধিকার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত নারী, পুরুষ ও শিশুদের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের বক্তব্যে স্পষ্ট করা হয়, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও টেকসই শান্তির প্রশ্নে ঢাকা তার অবস্থানে অনড়।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.