পুলিশ হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত, প্রয়োজনে পুনর্তদন্ত: মির্জা ফখরুল
পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সরকার সে অনুযায়ীই এগোবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তদন্ত ইতোমধ্যে হয়েছে, তবে প্রয়োজন হলে আবারও তদন্ত করা হবে। বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে নির্মিত একটি হাফেজিয়া মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাইয়ের ঘটনায় পুলিশ হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী যে অবস্থান জানিয়েছেন, সেটিই অনুসরণ করা হবে। প্রয়োজনে নতুন করে তদন্তের উদ্যোগ নেওয়া হতে পারে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছিল। নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা।
নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এখানকার জনগণ বরাবরই তাকে সমর্থন দিয়েছেন। সেই আস্থার প্রতিদান দায়িত্বশীলভাবে দেওয়ার চেষ্টা করবেন।
স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
বায়ান্ননিউজ২৪/আবির
আইটি ল্যাব সলিউশন্স লি.