গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্য মন্ত্রী

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫০ (সোমবার)
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্য মন্ত্রী

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে।

শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমান বিশ্বব্যবস্থা প্রযুক্তিনির্ভর হলেও দেশের গণমাধ্যম কাঠামো এখনও পুরোপুরি আধুনিকায়নের আওতায় আসেনি। তথ্যপ্রযুক্তিভিত্তিক নতুন মাধ্যমের প্রসারের সঙ্গে তাল মেলাতে প্রশাসনিক ও নীতিগত কাঠামো সংস্কারের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় যে সময়ে গঠিত হয়েছিল, তখন ডিজিটাল গণমাধ্যমের এই বিস্তার ছিল না। ফলে বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার জরুরি।

বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে সাম্প্রতিক মনোমালিন্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো পুরোপুরি অবগত নন। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজন হলে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

এর আগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তের হাতে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

বায়ান্ননিউজ২৪/আসিফ

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.