সেনাবাহিনীর উচ্চপর্যায়ে নতুন রদবদল, কিউএমজি পদে লে. জেনারেল শাহীন
বাংলাদেশ সেনাবাহিনী–এর শীর্ষ পর্যায়ে আবারও গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এতদিন ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)–এর কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। নতুন দায়িত্বে তিনি সেনাবাহিনীর লজিস্টিক ও সরবরাহ ব্যবস্থাপনার প্রধান হিসেবে কাজ করবেন।
অন্যদিকে, ২০২৪ সালের অক্টোবর থেকে কিউএমজি হিসেবে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে এনডিসির কমান্ড্যান্ট করা হয়েছে।
নতুন কিউএমজি শাহীনুল হক এর আগে সেনা সদরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) পদেও দায়িত্ব পালন করেছেন। ২০তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া এ কর্মকর্তা চট্টগ্রামের ২৪তম পদাতিক ডিভিশন ও সাভারের ৯ম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্বে ছিলেন।
এনডিসির নতুন কমান্ড্যান্ট ফয়জুর রহমান ২৩তম বিএমএ লং কোর্সের কর্মকর্তা। লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতির আগে তিনি স্বল্প সময়ের জন্য ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন এবং রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেন।
এদিকে, মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)–এর কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এমআইএসটির নতুন কমান্ড্যান্ট হয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি এতদিন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন।
আর টাঙ্গাইলের ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হয়েছেন। তিনি একসময় এনএসআইয়ের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।
রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজ এরিয়ার জিওসি করা হয়েছে। পূর্ববর্তী লজ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান অবসরে গেছেন।
সেনাবাহিনীর প্রশাসনিক ও কৌশলগত কাঠামো আরও গতিশীল করতে এই রদবদল আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বায়ান্ননিউজ২৪/আসিফ
আইটি ল্যাব সলিউশন্স লি.