১১ লাখ ভোট কমিয়ে গণভোটের নতুন গেজেট প্রকাশ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১৮:২৬ (শুক্রবার)
১১ লাখ ভোট কমিয়ে  গণভোটের নতুন গেজেট প্রকাশ

সংবিধান সংস্কারসংক্রান্ত গণভোটের ঘোষিত ফলাফলে বড় ধরনের সংশোধন এনেছে নির্বাচন কমিশন। নতুন প্রকাশিত অতিরিক্ত গেজেটে দেখা গেছে, আগের তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’ উভয় ভোটের সংখ্যাই কমেছে। সার্বিকভাবে মোট প্রদত্ত ভোট কমেছে প্রায় ১১ লাখ।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে প্রকাশিত অতিরিক্ত গেজেটে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’ বিষয়ে জনগণের মতামত যাচাইয়ে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। এর ফলাফল ১৩ ফেব্রুয়ারি গেজেটে প্রকাশিত হয়েছিল।

প্রথম ঘোষণায় ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ এবং ‘না’ ভোট ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬। মোট প্রদত্ত ভোট ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩। এর মধ্যে বাতিল ভোট ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭। বৈধ ভোট ছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬।

সংশোধিত গেজেট অনুযায়ী ‘হ্যাঁ’ ভোট দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ এবং ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১। মোট প্রদত্ত ভোট ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭। বাতিল ভোট বেড়ে হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬। বৈধ ভোট দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১।

বিশ্লেষণে দেখা গেছে, আগের তুলনায় ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি এবং ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি। অন্যদিকে বাতিল ভোট বেড়েছে ১২ হাজার ৫৫৯টি।

নির্বাচন কমিশন সংশোধনের নির্দিষ্ট কারণ ব্যাখ্যা না করলেও জানিয়েছে, কমিশনের আদেশক্রমেই এই অতিরিক্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, এই গণভোটের মাধ্যমেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.