সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সম্পাদক পরিষদের

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১৮:১৯ (সোমবার)
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সম্পাদক পরিষদের

সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

বুধবার এক বিবৃতিতে পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে বহু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ নানা ধরনের হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার কারণে অনেক সাংবাদিক এখনও কারাবন্দি রয়েছেন এবং অনেকে নিয়মিত আদালতে হাজিরা দিতে বাধ্য হচ্ছেন। এতে তাদের স্বাভাবিক পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে কোনও সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও প্রমাণসাপেক্ষ অভিযোগ থাকলে তা প্রচলিত আইন এবং স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত বলে মনে করে সম্পাদক পরিষদ। ন্যায়বিচার নিশ্চিত করতে যথাযথ অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া অনুসরণের ওপর জোর দেওয়া হয় বিবৃতিতে। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহার এবং সাংবাদিকদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছিল। তখন আশ্বাস দেওয়া হলেও এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি।

নবনির্বাচিত সরকারের প্রতি সম্পাদক পরিষদ আহ্বান জানিয়েছে, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারের উদ্যোগ নিতে।

গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক অঙ্গীকার বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.