মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ২৬

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১৮:১৬ (রবিবার)
মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ২৬

মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বিমান হামলায় দেশটির পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে অন্তত ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১৯ জন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বুধবার এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলের আরাকান রাজ্যের পোনন্যাগুন শহরের ইয়োয়েঙ্গু গ্রামে চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ ১৭ জন নিহত এবং ১৪ জন আহত হন। গ্রামটি রাজ্যের রাজধানী সিত্তে থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। ২০২৪ সালের মার্চে সামরিক বাহিনীর সঙ্গে লড়াইরত আরাকান আর্মি পোনন্যাগুন শহরের নিয়ন্ত্রণ নেয়।

পোনন্যাগুনের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলায় অন্তত পাঁচটি বাড়ি পুড়ে গেছে বলেও তিনি দাবি করেন।

এদিকে উত্তর পশ্চিমাঞ্চলের সাগাইং অঞ্চলেও পৃথক এক হামলায় দুই শিশুসহ ৯ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, মিনমু শহরের একটি স্থানে প্যারামোটর থেকে বোমা ফেলা হয়। ওই স্থানে স্থানীয়রা ইন্টারনেট ব্যবহারের জন্য স্টারলিংক ডিভাইস ব্যবহার করছিলেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে সংঘাত তীব্র আকার ধারণ করে। অং সান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সরকারের পতনের পর বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সামরিক বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, অভ্যুত্থানের পর থেকে সংঘাতে ৬ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: এএফপি।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.