পিলখানা হত্যাকাণ্ডে সেনাবাহিনীর মনোবল ভাঙার ষড়যন্ত্র ছিল: মির্জা ফখরুল

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১৫:৪৯ (শুক্রবার)
পিলখানা হত্যাকাণ্ডে সেনাবাহিনীর মনোবল ভাঙার ষড়যন্ত্র ছিল: মির্জা ফখরুল

পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআরের ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ জন কর্মকর্তা ও কর্মচারীকে নৃশংসভাবে হত্যা করা হয়। দিনটি জাতির জন্য লজ্জা ও বেদনাবিধুর একটি অধ্যায়।

তিনি দাবি করেন, ওই দিনের ঘটনাটি ছিল দেশের সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে দুর্বল করার একটি গভীর চক্রান্ত। একই সঙ্গে সেনাবাহিনীর নেতৃত্বকে আঘাত করে বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা চালানো হয়। তবে দেশের জনগণ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঘুরে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে দলটি গণতন্ত্রকে শক্তিশালী করার সুযোগ পেয়েছে। অতীতের ধারাবাহিকতায় দেশকে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।

শেষে শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.