রক্তাক্ত মেক্সিকো, তীব্র সংঘর্ষে নিহত ২৬ নিরাপত্তাকর্মী
মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা ওরফে এল মেনচোর মৃত্যুর পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের সদস্যদের পাল্টা হামলায় এখন পর্যন্ত ন্যাশনাল গার্ডের ২৫ সদস্য এবং একজন নিরাপত্তারক্ষীসহ মোট ২৬ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ এক সংবাদ সম্মেলনে জানান, এল মেনচোর মৃত্যুকে ঘিরে বিভিন্ন অঞ্চলে সংঘাতের ঘটনা ঘটছে। কার্টেল সদস্যরা সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা জানান, এল মেনচোর এক ঘনিষ্ঠ ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জালিস্কো রাজ্যের তাপালপা শহরে স্পেশাল ফোর্সের অভিযানে তিনি গুরুতর আহত হন এবং পরে হেফাজতে থাকা অবস্থায় মারা যান। ৫৯ বছর বয়সী এই কার্টেল প্রধানকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এল মেনচোর মৃত্যুর পর শুধু জালিস্কো রাজ্যেই অন্তত ২৭টি হামলার ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর পাল্টা অভিযানে ৩০ জন কার্টেল সদস্য নিহত হয়েছে। সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারীরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাতটি রাজ্য থেকে অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সরকার জানিয়েছে, কার্টেলের ভেতরে পুনর্গঠন বা নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মাদক কার্টেল দমনে মেক্সিকো সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.