বিডিআর হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠনের ঘোষণা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:১৯ (সোমবার)
বিডিআর হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠনের ঘোষণা

২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড পুনরায় পর্যালোচনার উদ্যোগ নিয়েছে সরকার। এ ঘটনায় নতুন করে কমিশন গঠন করে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনর্মূল্যায়নের বিষয়টি সরকারের নির্বাচনী অঙ্গীকারের মধ্যেই ছিল। নতুন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় “চেইন অব কমান্ড” কঠোরভাবে বজায় রাখতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগ দেওয়া হয়েছে, যা স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক ছিল না। অনেক ক্ষেত্রে দায়িত্ব পালনে অযোগ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ জেলায় পদায়ন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এসব নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করে সার্ভিস রেকর্ডের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এছাড়া গত ৫ আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলায় নিরীহ মানুষকে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী। এসব মামলা পুনঃপরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশকে যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পুলিশের ভূমিকা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আইন প্রয়োগে কেউ অবৈধভাবে বাধা দিতে পারবে না। তবে একই সঙ্গে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন। রাজনৈতিক বিবেচনায় বিধিবহির্ভূত প্রোটোকল দেওয়ার ক্ষেত্রেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিডিআর হত্যাকাণ্ড দেশের ইতিহাসের অন্যতম আলোচিত ও সংবেদনশীল ঘটনা। নতুন কমিশন গঠনের ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে আবারও এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, কমিশনের গঠন ও কার্যক্রম কতটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.