পররাষ্ট্রমন্ত্রীর সাথে চীন, ভারত ও পাকিস্তানের দূতের সাক্ষাৎ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ২১:৪৬ (সোমবার)
পররাষ্ট্রমন্ত্রীর সাথে চীন, ভারত ও পাকিস্তানের দূতের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর নবগঠিত সরকারকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে এশিয়ার তিন গুরুত্বপূর্ণ দেশ চীন, ভারত ও পাকিস্তান। রোববার বিকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাতে তিন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান।

সাক্ষাতে তারা সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে ড. খলিলুর রহমানকেও শুভেচ্ছা জানান।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী ঘোষিত ‘বাংলাদেশ প্রথম’ নীতির প্রতি চীনের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি জানান, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও চীনের কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কো অপারেটিভ পার্টনারশিপকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে চীনের কার্যকর ভূমিকা কামনা করেন। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানানো হয়।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, নতুন সরকারের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে ভারত প্রস্তুত। ড. খলিলুর রহমান পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ ও দূরদর্শী অংশীদারত্ব গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। উভয় পক্ষ নিয়মিত ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণও পৌঁছে দেওয়া হয়।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণে আঞ্চলিক সহযোগিতা জোরদারের অগ্রাধিকার তুলে ধরেন এবং নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে রাষ্ট্রদূতরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.