মদসহ আটক অভিনেত্রীকে বাঁচাতে ক্ষমতার অপব্যবহার করেন উপদেষ্টা ফারুকী

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ১৮:৪৩ (সোমবার)
মদসহ আটক অভিনেত্রীকে বাঁচাতে ক্ষমতার অপব্যবহার করেন উপদেষ্টা ফারুকী

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মদসহ অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর আটকের ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অভিযোগ উঠেছে, ক্ষমতার অপব্যবহার ও আইন লঙ্ঘনের মাধ্যমে প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেছে, বিমানবন্দরে আটকের পর মেহজাবীনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে। পরবর্তীতে তাদের প্রভাবেই কাস্টমস প্রক্রিয়া এড়িয়ে দ্রুত ছাড় পাওয়া যায়।

সূত্রটি আরও জানায়, সম্প্রতি একটি প্রযোজনা প্রতিষ্ঠানের আড্ডায় তিশা এ বিষয়ে কথা বলেছেন বলে দাবি করা হচ্ছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে বিএস ২১৮ ফ্লাইটে ঢাকায় ফেরেন মেহজাবীন চৌধুরী, তার স্বামী আদনান আল রাজীব ও নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে ১৪ বোতল মদ উদ্ধার করা হয়। নিয়ম অনুযায়ী এমন ঘটনায় মামলা হওয়ার কথা থাকলেও, অভিযোগ রয়েছে মুচলেকা ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হয়। জব্দ পণ্যের রসিদ তৈরি করে বিষয়টি নিষ্পত্তি করা হয় বলে জানা গেছে।

এভিয়েশন সিকিউরিটির দুই কর্মকর্তা মুচলেকা দিয়ে জানান, তারা মদের বিষয়ে অবগত ছিলেন না।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর রোববার সকালে এক ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানান মেহজাবীন। তিনি সরাসরি অভিযোগ স্বীকার বা অস্বীকার না করে দাবি করেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে এবং মানহানির চেষ্টা চলছে।

এদিকে, তৎকালীন উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকীর সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি প্রভাব খাটিয়ে কাস্টমস প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হয়ে থাকে, তবে তা স্পষ্ট আইন লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে বলে আইনজীবী মহল মনে করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত ঘোষণা করা হয়নি। তবে বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল ও আলোচনা ক্রমেই বাড়ছে।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.