মাতৃভাষা দিবসে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা : র‍্যাব ডিজি

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১৩:৫৩ (সোমবার)
মাতৃভাষা দিবসে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা : র‍্যাব ডিজি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক একেএম শাহিদুর রহমান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না।

শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‍্যাব ডিজি জানান, শহীদ মিনার এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। অবজারভেশন পোস্ট, ওয়াচ টাওয়ার ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম পরিচালনা করবে।

তিনি বলেন, ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ঢাকা মহানগরী, বিভাগীয় শহর, জেলা ও উপজেলাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত অমর একুশের অনুষ্ঠানকে ঘিরেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন যেন শহীদ মিনার এলাকায় প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে র‍্যাব মহাপরিচালক বলেন, অতীতে একটি ভঙ্গুর পরিস্থিতি ছিল, তবে তা কাটিয়ে ওঠা গেছে। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

তিনি জোর দিয়ে বলেন, দাবি আদায়ের নামে জনগণের চলাচলে বাধা, জুলুম বা ভোগান্তি সৃষ্টি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে র‍্যাব সর্বদা তৎপর থাকবে।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.