মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৮
মিসরের উত্তর পূর্বাঞ্চলের পোর্ট সাইদ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ট্রাক ও যাত্রীবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও তিনজন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে জানানো হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে পোর্ট সাইদের দক্ষিণে অ্যাক্সিস হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। রাষ্ট্র পরিচালিত আল আহরাম জানিয়েছে, একটি পিকআপ দুটি ভারী পণ্যবাহী ট্রাকের মাঝখানে পড়ে পিষ্ট হয়ে যায়। দুর্ঘটনার পর গাড়িটির ধ্বংসাবশেষ সড়কজুড়ে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপটি উপকূলীয় এলাকার একটি মাছের খামারে কাজ করতে যাওয়া জেলেদের বহন করছিল।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মিসরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি পোর্ট সাইদের গভর্নরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছেন।
উল্লেখ্য, সড়ক নিরাপত্তার দুর্বলতা, অতিরিক্ত গতি, যানবাহনের ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় মিসরে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। গত বছরও ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে ১৯ জন নিহত হওয়ার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল।
আইটি ল্যাব সলিউশন্স লি.