প্রধানমন্ত্রী তারেককে অভিনন্দন জানিয়ে অংশীদারত্ব জোরদারে আগ্রহ যুক্তরাজ্যের

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৫১ (সোমবার)
প্রধানমন্ত্রী তারেককে অভিনন্দন জানিয়ে অংশীদারত্ব জোরদারে আগ্রহ যুক্তরাজ্যের

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দায়িত্ব নেওয়ার পর পাঠানো আনুষ্ঠানিক বার্তায় দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেওয়া ওই বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন তিনি। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং নতুন নেতৃত্বের অধীনে এই সহযোগিতা আরও বিস্তৃত ও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন স্টারমার।

চিঠিতে তিনি উল্লেখ করেন, দুই দেশের অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক বন্ধন এবং জনগণের মধ্যে গভীর সম্পর্ক ভবিষ্যতের অংশীদারত্বকে আরও শক্ত ভিত্তি দেবে। তিনি বলেন, অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে যুক্তরাজ্য আগ্রহী।

বার্তায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের কথাও তুলে ধরা হয়। যুক্তরাজ্য বর্তমানে বাংলাদেশে অন্যতম বড় বৈদেশিক বিনিয়োগকারী দেশ হিসেবে বিবেচিত। এ প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে লন্ডনের আগ্রহ পুনর্ব্যক্ত করেন স্টারমার।

অবৈধ অভিবাসন প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে সমন্বিত কাজ করার কথাও উল্লেখ করা হয় বার্তায়। বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে যুক্তরাজ্য সমর্থন অব্যাহত রাখবে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সবশেষে কিয়ার স্টারমার বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারত্বের নতুন অধ্যায়ে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে তার সরকার।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.