সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৩৯ (সোমবার)
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী অফিসে পৌঁছানোর পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম অবসরপ্রাপ্ত উপস্থিত ছিলেন। এর আগে সকালে সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি ফ্যামিলি কার্ড বিষয়ক আন্তমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারেক রহমান। এর আগে দীর্ঘ সময় ধরে মন্ত্রিসভার বেশিরভাগ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল।

গত মঙ্গলবার বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.