কূটনৈতিক পাসপোর্ট জমা দিলেন ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:৫৮ (সোমবার)
কূটনৈতিক পাসপোর্ট জমা দিলেন ড. মুহাম্মদ ইউনূস

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কূটনৈতিক লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন। দায়িত্বে থাকাকালীন সময়েই, প্রায় এক সপ্তাহ আগে তিনি পাসপোর্টটি জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার প্রায় ২০ জন ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। অধিকাংশই নির্বাচনের আগেই এ প্রক্রিয়া সম্পন্ন করেন। তবে এখনও কয়েকজন উপদেষ্টা পাসপোর্ট জমা দেননি, তাদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রয়েছেন।

সরকারি এক কর্মকর্তা বলেন, কূটনৈতিক পাসপোর্ট সাধারণত সরকারের মেয়াদকাল ধরে এবং অতিরিক্ত ছয় মাসের জন্য ইস্যু করা হয়। মেয়াদ শেষ হলে তা নবায়নের প্রয়োজন পড়ে। সে ক্ষেত্রে আর সরকারি সুবিধা বহাল না থাকলে পাসপোর্টও নবায়ন করা হবে না।

যারা কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন তাদের মধ্যে রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বাণিজ্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সংশ্লিষ্টরা বলছেন, দায়িত্ব শেষ হওয়ার পর কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। বাকি উপদেষ্টারাও নির্ধারিত সময়ের মধ্যে একই প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.