প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১৮:১৫ (সোমবার)
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মঙ্গলবার ঢাকায় চীনের দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করে।

 

বার্তায় লি কিয়াং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী এবং দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও পারস্পরিক লাভজনক সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়েছে। তিনি এ সম্পর্ককে রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিনিময়ের একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেন।

 

চীনের প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের নতুন সরকার যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে চীন সমর্থন অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও গভীর করা, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় বৃদ্ধি করলে চীন বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে। এর মাধ্যমে উভয় দেশের জনগণ আরও বেশি সুফল পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.