শপথ নিলেন বিএনপির এমপিরা
সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে তাদের শপথবাক্য পাঠ করান তিনি।
দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ালেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী এ দায়িত্ব সিইসির ওপর ন্যস্ত হয়।
সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সোমবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ গ্রহণ পরিচালনার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা চিঠিতে জানানো হয়, ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পড়াবেন সিইসি।
শপথকে ঘিরে সকাল থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় নবনির্বাচিত সদস্যদের আগমন শুরু হয়। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নিরাপত্তা নিশ্চিতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরদিন তাদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসির ঘোষিত ফল অনুযায়ী ২৯৭ আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১১টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।
শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। এখন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং পরবর্তী সংসদীয় কার্যক্রমের দিকে নজর রাজনৈতিক মহলের।
আইটি ল্যাব সলিউশন্স লি.