নতুন মন্ত্রীদের আগমনে সচিবালয়ে প্রস্তুতির আমেজ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৪৯ (সোমবার)
নতুন মন্ত্রীদের আগমনে সচিবালয়ে প্রস্তুতির আমেজ

বায়ন্ননিউজ২৪ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকারের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে বাংলাদেশ সচিবালয়ে শুরু হয়েছে জোর প্রস্তুতি। নতুন মন্ত্রীরা শপথ নেওয়ার আগেই প্রশাসনের কেন্দ্রস্থলজুড়ে চলছে সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও কক্ষ পুনর্বিন্যাসের কাজ। কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে বাড়তি ব্যস্ততা ও কৌতূহল।

রোববার সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, মন্ত্রীদের জন্য নির্ধারিত কক্ষগুলো নতুনভাবে সাজানো হচ্ছে। গণপূর্ত অধিদপ্তরের কর্মীরা পুরোনো আসবাবপত্র সরানো, রংতুলির কাজ, আলোকসজ্জা ঠিক করা এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত সময় পার করছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে নতুন মন্ত্রীদের নাম বসানোর প্রস্তুতিও চলছে। করিডোর ও বারান্দায় নতুন ফুলের টব বসানো হচ্ছে, কোথাও কোথাও ঝাড়বাতি ও পর্দাও বদলানো হয়েছে।

গণপূর্ত বিভাগের এক কর্মকর্তা জানান, নতুন মন্ত্রীদের দায়িত্ব গ্রহণের প্রথম দিন যেন সবকিছু সুশৃঙ্খল ও সম্মানজনকভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। মন্ত্রীদের কক্ষের পরিবেশ, প্রযুক্তিগত সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক দল সমন্বিতভাবে কাজ করছে।

সংসদ ভবনে শপথের আয়োজন

দলীয় সূত্র ও প্রশাসনিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। প্রচলিত রীতি ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে সংসদ এলাকায় শপথ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। একই দিনে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন।

পদ বণ্টন ঘিরে কৌতূহল

কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাচ্ছেন তা নিয়ে সচিবালয়ে চলছে নানা আলোচনা। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আগ্রহের কমতি নেই। অনেকেই নতুন নেতৃত্বের সঙ্গে কাজের প্রস্তুতি নিচ্ছেন। এক সচিব বলেন, যিনিই দায়িত্ব নিন, প্রশাসন সংবিধান ও আইনের আলোকে তার নির্দেশনা অনুযায়ী কাজ করবে।

সরকারি পরিবহন পুল ইতোমধ্যে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য গাড়ি প্রস্তুত রেখেছে। শপথের পর দায়িত্বপ্রাপ্তদের তালিকা অনুযায়ী গাড়ি ও চালক নির্ধারণ করা হবে।

নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি

নতুন মন্ত্রীদের আগমনকে কেন্দ্র করে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রবেশ নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা এবং ভেতরের শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের দিন সচিবালয়ের পরিবেশ সাধারণ দিনের তুলনায় ভিন্ন থাকবে বলে ধারণা করা হচ্ছে।

পুনর্গঠন ও নীতিনির্ধারণ

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই একনেক, অর্থনৈতিক বিষয়ক, ক্রয় সংক্রান্ত ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটিসহ বিভিন্ন মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হবে। পাশাপাশি মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ এবং প্রশাসনিক কাঠামো চূড়ান্ত করার কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

দীর্ঘ সময় পর একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের দায়িত্ব গ্রহণকে ঘিরে সচিবালয়ে যে প্রস্তুতির আবহ তৈরি হয়েছে, তা প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টদের আশা। এখন নজর শপথ অনুষ্ঠান এবং দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক সূচির দিকে।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.