ধানমন্ডি ৩২–এ শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি শিক্ষকসহ ৫ জন আটক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১৮:২৪ (সোমবার)
ধানমন্ডি ৩২–এ শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি শিক্ষকসহ ৫ জন আটক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকাল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ সংলগ্ন এলাকা থেকে তাদের ধানমন্ডি থানায় নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল চারটার দিকে অধ্যাপক জামাল উদ্দিন সেখানে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ও সঙ্গে থাকা আরও কয়েকজনকে গাড়িতে তুলে নিয়ে যান। আটক অন্য চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে দুপুরে নিজের ফেসবুক পোস্টে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর ঘোষণা দেন ড. জামাল উদ্দিন। পোস্টে তিনি বিকাল চারটায় সেখানে উপস্থিত হওয়ার কথা উল্লেখ করেন এবং অন্যদেরও যোগ দেওয়ার আহ্বান জানান।

আটকের বিষয়ে ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তিনি মন্তব্য করতে পারবেন না। একই সঙ্গে তিনি দাবি করেন, তাদের আটক করা হয়নি।

ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও সমালোচনা দেখা দিয়েছে। নাগরিক সমাজের একাধিক প্রতিনিধি প্রশ্ন তুলেছেন, ভোটের পরও কি দেশে মত প্রকাশের স্বাধীনতা থাকবে না? কেউ যদি ঐতিহাসিক একটি স্থানে গিয়ে শ্রদ্ধা জানাতে চান, সেটি কীভাবে অপরাধ হতে পারে?

সমালোচকদের মতে, রাষ্ট্রের পক্ষ থেকে এমন আচরণ গণতান্ত্রিক চর্চা ও নাগরিক অধিকারের পরিপন্থী। তারা বলেন, বঙ্গবন্ধুকে ভালোবাসা বা তার প্রতি শ্রদ্ধা জানানো কোনো অপরাধ হতে পারে না। বরং ভিন্নমত ও ব্যক্তিগত বিশ্বাসের প্রতি সহনশীলতা দেখানোই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব।

এ ঘটনায় দ্রুত স্পষ্ট ব্যাখ্যা এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরিষ্কার অবস্থান জানানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বায়ান্ননিউজ২৪/আবির

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.