আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:০৭ (সোমবার)
আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন একদল সাধারণ মানুষ। নির্বাচনের দুই দিন পর শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাত থেকে আটজনের একটি দল জাতীয় পতাকা হাতে বঙ্গবন্ধু এভিনিউয়ের ওই ভবনের সামনে আসে। তারা বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণে সালাম জানান এবং সেখানে সাময়িকভাবে জাতীয় পতাকা উড়িয়ে দেন।

ঘটনাস্থলের আশপাশের ব্যবসায়ীরা জানান, পতাকা উত্তোলনের সময় উপস্থিত ব্যক্তিরা নিজেদের সাধারণ শ্রমজীবী মানুষ হিসেবে পরিচয় দেন। কেউ রিকশাচালক, কেউ ফুটপাতের হকার কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের বক্তব্য ছিল, বঙ্গবন্ধুর স্মৃতি ও জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দায়িত্ব সবার।

একজন কাপড় ব্যবসায়ী বলেন, “ওরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে। জাতীয় পতাকা তুলে সালাম দিয়ে গেছে।” পরে পতাকাটি আর সেখানে দেখা যায়নি। স্থানীয়দের ধারণা, কেউ হয়তো সেটি খুলে নিয়ে গেছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। এরপর দীর্ঘদিন ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এক সময় সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামের একটি ব্যানার টানানো দেখা যায়, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সরকারি ঘোষণা ছিল না।

পরবর্তীতে রাজধানীর বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের ধারায় বঙ্গবন্ধু এভিনিউয়ের নামও পরিবর্তন করা হয়। একই সময়ে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়েও হামলার ঘটনা ঘটে।

তবে শনিবারের এই পতাকা উত্তোলনকে স্থানীয়রা দেখছেন প্রতীকী বার্তা হিসেবে। তাদের মতে, বঙ্গবন্ধুর আদর্শ ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এখনো মানুষের হৃদয়ে অটুট রয়েছে। রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের আবেগ এবং স্মৃতিচারণের প্রকাশ এ ঘটনাতেই প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন তারা।

বায়ান্ননিউজ২৪/আইরিন

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.