নতুন সরকারের সামনে বড় তিন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:৫৩ (সোমবার)
নতুন সরকারের সামনে বড় তিন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন এবং অর্থনীতিকে সচল করাকে আগামী সরকারের জন্য প্রধান তিনটি চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নতুন সরকারের প্রথম কাজ হবে অর্থনীতিকে গতিশীল করা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি। ন্যায়বিচার প্রতিষ্ঠাও সরকারের অন্যতম অগ্রাধিকার হতে হবে বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়েছে। জনগণের রায়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হবে।

ফলাফল প্রসঙ্গে নিজের অনুভূতি জানাতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই বিজয় যেমন আনন্দের, তেমনি বেদনারও। দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সাফল্য দেখে যেতে পারেননি—এটি দলের জন্য দুঃখজনক।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে একটি উৎসবমুখর ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ধারা বজায় রাখা গেলে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলটির বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত আসবে।

বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে যান মির্জা ফখরুল। সেখানে তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

বায়ান্ননিউজ২৪/সৈকত

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.