দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোটের অভিযোগ ৫৯টি

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১৪:৫৫ (সোমবার)
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোটের অভিযোগ ৫৯টি

বায়ান্ননিউজ২৪ ডেস্ক : চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতা ও অনিয়মের তথ্য পাওয়া গেছে। দুপুর ২টা পর্যন্ত সারাদেশে মোট ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানানো হয়, ৫৯টি জালভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, ১৪টি কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫টি স্থানে।

এছাড়া ছয়জন প্রার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ১৮টি স্থানে ভোটারদের ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে বলে জানানো হয়েছে। চারটি স্থানে অগ্নিসংযোগ এবং ৩৩টি ক্ষেত্রে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্ত অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.