সুষ্ঠু ভোট হলে রায় মেনে নেওয়া হবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের যে রায় আসবে, তা সবাইকে মেনে নিতে হবে। এটাই গণতন্ত্রের মূল চর্চা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ দেশবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি বলে উল্লেখ করেন তিনি। এবার ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বহু মানুষ বিশেষ করে তরুণ ভোটাররা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে। সন্ত্রাস ও দখলমুক্ত পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
আগামী সরকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এমন একটি সরকার গঠিত হওয়া উচিত যা কোনও ব্যক্তি, পরিবার বা দলের স্বার্থে নয়, বরং দেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করবে।
ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করার জন্য। তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণেই গণতন্ত্র শক্তিশালী হয়।
ভোটের সার্বিক পরিবেশ নিয়ে তিনি বলেন, নিজের কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক দেখেছেন। তবে সারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। বড় ধরনের অনিয়ম হলে তা নিয়ে অবস্থান নেওয়া হবে বলেও জানান তিনি।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্র গঠনে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দায়িত্বশীল সাংবাদিকতা দেশের জন্য সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একই সংবাদ ভিন্ন মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হচ্ছে। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত, তবে যা অপরাধ নয় তাকে জোর করে অপরাধ হিসেবে তুলে ধরা ঠিক নয়।
বায়ান্ননিউজ২৪/সৈকত
আইটি ল্যাব সলিউশন্স লি.