জামায়াতের সহিংসতা ও কারচুপির অভিযোগে উদ্বেগ জানাল বিএনপি
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও সহিংসতার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির দাবি, পরাজয়ের আশঙ্কায় জামায়াত নানা অনৈতিক পন্থা অবলম্বন করছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি।
বুধবার ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মুখ দেখছে। এই অর্জন যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। ভোটারদের উদ্দেশে বলেন, ভোট দিয়ে ফলাফল বুঝে নেওয়ার পরই কেন্দ্র ত্যাগ করতে।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত অভিযোগের বিবরণ তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, একাধিক স্থানে নগদ অর্থসহ জামায়াতের নেতাকর্মীদের আটক করা হয়েছে। কোথাও ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে, কোথাও পোলিং এজেন্টদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের খবর পাওয়া গেছে।
তিনি আরও অভিযোগ করেন, কিছু এলাকায় ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সংখ্যালঘুদের ভয়ভীতি প্রদর্শন, এমনকি সহিংস ঘটনারও খবর এসেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কয়েকজনকে আটক করেছে বলেও জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো যেকোনো তৎপরতা বন্ধে নির্বাচন কমিশন ও প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে। বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং জনগণের সমর্থন নিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।
সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তাই নির্বাচন ঘিরে মানুষের আবেগ ও প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। তিনি দাবি করেন, বিভিন্ন কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে জনগণের প্রতিরোধও দেখা গেছে।
সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ, বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বায়ান্ননিউজ২৪/আইরিন
আইটি ল্যাব সলিউশন্স লি.