তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা কোন কেন্দ্রে ভোট দেবেন

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৫১ (সোমবার)
তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা কোন কেন্দ্রে ভোট দেবেন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ভোটারদের মধ্যে যেমন আগ্রহ বাড়ছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই অংশ হিসেবে বিএনপির শীর্ষ নেতারা কোন কোন ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, সেই তালিকা প্রকাশ করেছে দলটির মিডিয়া সেল।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটাধিকার প্রয়োগ করবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। মির্জা আব্বাস ভোট প্রদান করবেন ঢাকার শাহজাহানপুরে অবস্থিত মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে।

এ ছাড়া বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

দলের অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে এবং হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহন উপজেলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন বলেও জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিএনপির শীর্ষ নেতাদের সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.