জাতীয় নির্বাচনে যেকোনো অস্ত্রই নিরাপত্তার জন্য ঝুঁকি: আইজিপি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২৪ (সোমবার)
জাতীয় নির্বাচনে যেকোনো অস্ত্রই নিরাপত্তার জন্য  ঝুঁকি: আইজিপি

সৈকত মাহমুদ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অস্ত্রই আইনশৃঙ্খলার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, বৈধ বা অবৈধ যাই হোক, অস্ত্র মানেই ঝুঁকি। তাই নির্বাচন ঘিরে অস্ত্র নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

থানা থেকে লুট হওয়া বা ব্যক্তিগত অস্ত্র প্রসঙ্গে আইজিপি বলেন, অস্ত্র শুধু একটি উৎস থেকেই আসে না। বিভিন্ন পথেও অস্ত্র দেশে প্রবেশ করতে পারে। এসব সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে।

বৈধ অস্ত্র জমা দেওয়ার বিষয়ে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর এখন পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা দিয়েছেন মালিকরা। অল্প কিছু অস্ত্র এখনও জমা পড়েনি। এর পেছনে অনেক ক্ষেত্রে মালিকের বিদেশে অবস্থান বা লকারে সংরক্ষণের মতো কারণ থাকতে পারে। তবে জমা না পড়া অস্ত্রের সংখ্যা খুব বেশি নয় বলে জানান তিনি।

আইজিপি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই বৈধ অস্ত্র জমার ওপর কঠোরতা আরোপ করা হয়েছে। ভোটগ্রহণ যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়, সে লক্ষ্যেই সব নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে তিনি জানান, এবার সারাদেশে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থাকে তিন স্তরে ভাগ করা হয়েছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ব্যবহার করা হবে বডি ক্যামেরা। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

আইজিপি আশাবাদ ব্যক্ত করে বলেন, সব প্রস্তুতি মিলিয়ে এবারকার জাতীয় সংসদ নির্বাচন হবে নিরাপদ, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.