জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গড়ার অঙ্গীকার তারেক রহমানের

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:২৯ (সোমবার)
জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গড়ার অঙ্গীকার তারেক রহমানের

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে বলে অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দুর্নীতি দমনে যতটা কঠোর হওয়া সম্ভব, বিএনপি সরকার ততটাই কঠোর হবে এবং দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তারেক রহমান। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

তারেক রহমান বলেন, রাষ্ট্র ও সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই। কারণ জনগণই সব রাজনৈতিক ক্ষমতার মূল উৎস। তিনি বলেন, অতীতে ফ্যাসিবাদী শাসনের সময় জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল। দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে জনগণ আবার সেই অধিকার ফিরে পেয়েছে। এখন সেই অর্জনকে টেকসই করতে হলে একটি জবাবদিহিমূলক সরকার প্রয়োজন।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিন। তিনি বিশেষভাবে তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।

বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচনের পর জনগণের নির্বাচিত প্রতিনিধিরা ঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না, তা নিশ্চিত করার দায় তিনি নিজে নেবেন। জনগণের সমর্থন পেলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূল নীতি হবে ন্যায়পরায়ণতা, সুশাসন ও আইনের শাসন।

ভাষণে তিনি বিএনপির নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন। এর মধ্যে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা চালু, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার। তিনি বলেন, ব্যাংকিং, শিল্প ও বিনিয়োগ খাতে সংস্কারের মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ও বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নেওয়া হয়েছে।

নারীদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের অগ্রগতিতে নারীশক্তিকে মূলধারায় আনা জরুরি। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারের জন্য নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং প্রান্তিক পরিবারগুলোকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে।

অতীতের ভুলত্রুটির কথা স্বীকার করে তিনি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, অতীত থেকে শিক্ষা নিয়েই বিএনপি ভবিষ্যতের জন্য একটি নিরাপদ, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়।

ভাষণের শেষাংশে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন। তিনি দলমত নির্বিশেষে সব নাগরিকের প্রতি আহ্বান জানান, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.