ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ব্যবহারে বাধা নেই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের মোবাইল ফোন সঙ্গে রাখায় কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার ৯ ফেব্রুয়ারি আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা জানান।
তিনি বলেন, নির্বাচন কাভারেজ ও পর্যবেক্ষণের স্বার্থে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী সাংবাদিক ও অনুমোদিত পর্যবেক্ষকরা মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। তাদের ক্ষেত্রে কোনো ধরনের বাধা দেওয়া হবে না।
এর আগে রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। ওই নির্দেশনায় বলা হয়েছিল, নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা থাকবে। তবে প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্যকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
সাংবাদিকদের বিষয়ে বিভ্রান্তি দূর করতে নির্বাচন কমিশনারের এই ব্যাখ্যা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাস্তবায়নে মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.