দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১৭:০৪ (সোমবার)
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

সৈকত মাহমুদ:  ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তাঁর প্রার্থিতা স্থগিতের আবেদন করে রিট দায়ের করা হয়েছে। জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী শামীম আহমেদ সোমবার সর্বোচ্চ আদালতে এই রিট আবেদন করেন।

রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে দাবি করা হয়, মো. নাহিদ ইসলাম চলতি বছরের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। সে কারণে সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী তাঁর প্রার্থিতা বৈধ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এলাকার ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কোহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।

রিটের শুনানি ও আদালতের সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে আছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল ও ভোটাররা।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.