জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠনের অঙ্গীকার তারেক রহমানের

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১৫:১০ (রবিবার)
জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠনের অঙ্গীকার তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। তিনি বলেন, এই দেশের প্রকৃত মালিক জনগণ এবং জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব নয়।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এবং ভোটাধিকার বারবার ক্ষুণ্ন হয়েছে। তবে আসন্ন নির্বাচন জনগণের সেই হারানো অধিকার পুনরুদ্ধারের সুযোগ তৈরি করেছে।

তারেক রহমান বলেন, এই নির্বাচন কেবল জনপ্রতিনিধি বাছাইয়ের নয়, এটি একটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে এবং দেশ পুনর্গঠনের পথে অগ্রসর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অর্থনৈতিক স্বাবলম্বন প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, দল ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে নারীরা আর্থিকভাবে শক্ত অবস্থানে যেতে পারবেন। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর মাধ্যমে সহজ ঋণ, সার ও বীজ পাওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিলে কৃষকদের জন্য বিশেষ সুখবর দেওয়া হবে। এর অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দেন তিনি।

এ ছাড়া সরকার গঠন করা হলে ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়নে দ্রুত বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জনসভায় ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান।

বায়ান্ননিউজ২৪/আসিফ

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.